

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি নির্মাণ প্রকল্পে ঢুকে চীনা এক নাগরিককে কুপিয়ে জখম ও মালামাল লুট করেছে ডাকাতদল। গতকাল মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাসসংলগ্ন একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিক গুরুতর আহত হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ইয়াং জি জিয়াং’ নামের ওই প্রকল্পে রাতের দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল ঢুকে পড়ে। এ সময় প্রকল্পের এক কর্মচারী বাইরে যাওয়ার সুযোগে তারা ভেতরে প্রবেশ করে। পরে তারা নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং প্রকল্পের ভেতরে তাণ্ডব চালায়।
একপর্যায়ে হামলাকারীরা ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা করে। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে ডাকাতরা একটি ঘড়ি, দুটি আইফোন ও নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।

