ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০০
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

রাস্তা পারাপারে আইন না মানলে জেল-জরিমানা, গণবিজ্ঞপ্তি জারি

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হলে পথচারীদের বিরুদ্ধে জেল বা জরিমানার বিধান কার্যকরের কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে ঢাকা মহানগরীতে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে যানবাহন চালক ও পথচারীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ ও সতর্কতা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো পথচারী ট্রাফিক আইন বা সংকেত অমান্য করলে, অথবা নির্ধারিত স্থান (জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস) ব্যবহার না করে রাস্তা পার হলে তিনি সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

এছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা এবং চালকের ক্ষেত্রে এক পয়েন্ট কর্তন করার কথা বলা হয়েছে। উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীতে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একাধিক ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, হোটেল সোনারগাঁও, ফার্মগেট পুলিশ বক্স, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট, গুলশান-১ ও গুলশান-২ ক্রসিং।

এছাড়া মানিক মিয়া এভিনিউ, খেজুর বাগান, জুলাই স্মৃতি জাদুঘর, মাজার রোড, আবুল হোটেল, মৌচাক, রায়সাহেব বাজার মোড় ও লাভরোডসহ কয়েকটি স্থানে অস্থায়ী সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে (হাইকোর্ট, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, পুলিশ ভবন ও শাহবাগ) সিগন্যাল লাইট স্থাপন করেছে, যা শিগগিরই চালু হবে।

গণবিজ্ঞপ্তিতে পথচারীদের উদ্দেশে বলা হয়েছে, ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করেই রাস্তা পার হতে হবে। অন্যথায় ঘটনাস্থলেই বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পরবর্তীতে সড়ক পরিবহন আইন অনুযায়ী ভিডিও প্রসিকিউশন করা হবে বলেও জানানো হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram