

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল আইরিন। এ সময় দোলনার ওপর থাকা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে সে অচেতন হয়ে পড়ে।
তার সঙ্গে থাকা ভাশুরের মেয়ে মুক্তা জন্নাত (৯) বিষয়টি দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হারবাং আজিজ নগর এলাকার আজিজ নগর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী ঘটনাটি দুর্ঘটনা হওয়ায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

