

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘মঙ্গলবার সকালে একটি ব্যবসায়িক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বেলা ৩ টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তার চালক নুরুল আমিনকে বহন করা প্রাইভেটকারটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।’
সংসদ সদস্য নুরুল আমিনের গাড়ি চালক মনির হোসেন বলেন, ‘এমপিকে নিয়ে কুমিল্লা থেকে মিরসরাই যাচ্ছিলাম। মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা লাগে। এতে এমপি ও আমি আহত হয়েছি।’
কমফোর্ট হাসপাতালের চিকিৎসক এএসএম রেজাউল করিম বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত। তিনি মুখে, কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন।’
কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার বেলা ৩ টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি শরিরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।’

