

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযানে উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে জায়েদ জোহা খান (২০) কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাঘরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন, জায়েদ জোহা খান (২০) ও মো. ইমন হাসান (২০)। এ সময় সমির গাজি (৫৫) নামে একজন পালিয়ে যান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোহার কাছ থেকে ৬ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোন এবং ইমনের কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

