

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের সাথে মতবিনিময় সভা করেছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সংসদ সদস্যদের কাছে তাদের চিকিৎসা প্রদানে নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় সংসদ সদস্য সকল সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন চিকিৎসকদের।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নেওয়াজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ তালুকদার, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম মোরশেদ মোল্লা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, মেডিসিন বিভাগের প্রধান ডা. সুভাষ চন্দ্র ভাদুড়ি, সার্জারি বিভাগের প্রধান ডা. মাসুদুর রহমান ও বিভিন্ন বিভাগের প্রধানগণ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
