ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২১, ২০২৬

সংরক্ষিত ৫০ নারী আসন; কোন দল পাচ্ছে কতটি

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের হিসাব-নিকাশ। প্রাপ্ত আসনের আনুপাতিক হার বিশ্লেষণ করে দেখা গেছে, একক দল হিসেবে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি একাই পেতে পারে ৩৫টি সংরক্ষিত নারী আসন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জাতীয় সংসদের আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো সাধারণ আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়। এই সূত্র অনুযায়ী বিএনপি এককভাবে ৩৪ দশমিক ৬৬ বা প্রায় ৩৫টি নারী আসন পাচ্ছে। তবে ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করে বিএনপির সঙ্গে যুক্ত হলে দলটির সংরক্ষিত নারী আসনের সংখ্যা বেড়ে ৩৬-এ দাঁড়াতে পারে। অন্যদিকে জামায়াত ৬৮টি সাধারণ আসনের বিপরীতে ১১ জন নারী প্রতিনিধি পাবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটগতভাবে একটি করে নারী আসন পেতে পারেন।

ত্রয়োদশ সংসদে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেলেও বর্তমানে তাদের প্রতিনিধি সংখ্যা ২০৮ জন, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-১ আসন ছেড়ে দিয়েছেন। এই হিসাব অনুযায়ীই সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাছউদ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন দ্রুত সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। তিনি বলেন, কমিশন ঈদের আগেই এই নির্বাচন শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশিত হয়েছে ২৯৭টির। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। এছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়েছে এবং বগুড়া-৬ আসনে পরবর্তীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে বড় চমক ছিল বাংলাদেশ আওয়ামী লীগ-এর অনুপস্থিতি। নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশ নেয়নি। মোট ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও আসন পেয়েছে মাত্র ৯টি দল। বাকি ৪১টি দল এবং ৪টি অনিবন্ধিত দল কোনো আসন লাভ করতে পারেনি। সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram