

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদীতে মৎস্যজীবীরা বেপরোয়াভাবে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবে নেমেছে মর্মে নিউজ প্রকাশের পর নড়েচড়ে বসে হরিরামপুর উপজেলা মৎস্য অফিস। পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে বাঁশ ও ফাঁস জাল দিয়ে কয়েক কি.মি এড়িয়াজুড়ে বাঁধ দিয়ে সকল প্রকার মাছ চলাচলের বাঁধা সৃষ্টি করে ছোট মাঝারি ধরনের মাছ ধরতো বেশ কিছু জেলে।
সত্যতা প্রমাণে পদ্মানদীতে নামে উপজেলা মৎস্য অফিসের বড় একটি টিম। সুতালড়ি ইউনিয়নের হাতিঘাটা এলাকা থেকে কয়েকশত বাঁশ আর কারেন্ট জাল, বেড়জালসহ অবৈধভাবে মাছ আহরণের সরঞ্জামাদি ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। মোবাইল কোর্টে বিশেষ অভিযানে বাঁধ দিয়ে মাছ চলাচলে বাধা সৃষ্টি করা বেড় কেটে দেয়া হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে এই বেড় এবং জালে ছোট, মাঝারি, বড় সাইজের জাটকা ইলিশসহ সব ধরনের মাছই এই ফাঁদে আটকা পরে।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরামের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন উপজেলা ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মোস্তাফিজুর রহমানসহ হরিরামপুর থানা পুলিশের একটি টিম।
উপজেলা ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে আমাদের উপজেলা এবং জেলা স্যারের নির্দেশনায় আমরা নিয়মিত অভিযানসহ মৎস্য সম্পদ রক্ষায় কাজ করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, মৎস্য সম্পদ দেশের সম্পদ। যত বড় প্রভাবশালী হোক না কেন, অবৈধভাবে মৎস্য সম্পদ ক্ষতিকারক কাউকেই ছাড় দেয়া হবেনা। এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
