

নিজেদের শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা মহাসংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গ্রহণে অস্বীকৃতি জানালে কিয়েভ ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন।
শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ইউক্রেনকে অত্যন্ত কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি হতে হতে পারে।
মর্যাদা হারানো অথবা গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নেওয়া।’ তিনি এটিকে দেশের ইতিহাসের ‘সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা আগে থেকেই কিয়েভ প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যে ছিল, মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকা ছাড় দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমানো এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই পরিকল্পনাটি শান্তি প্রক্রিয়ার ভিত্তি হতে পারে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান, মস্কো প্রস্তাব পেয়েছে তবে বিস্তারিত আলোচনা হয়নি। তিনি আরো বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে প্রস্তুত কিন্তু প্রয়োজনে যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ‘জেলেনস্কিকে পরিকল্পনাটি পছন্দ করতেই হবে, নইলে যুদ্ধ চলতেই থাকবে।’ ইউক্রেন বর্তমানে উন্নত মার্কিন অস্ত্রশস্ত্র, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম ও গোয়েন্দা সহায়তার ওপর গভীরভাবে নির্ভরশীল।
দশ মিনিটের বক্তব্যে জেলেনস্কি সতর্ক করেন, ইউক্রেন আমাদের দুর্বল করতে এবং বিভক্ত করতে প্রচুর চাপের মুখে পড়বে। তিনি বলেন, দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস তার প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেন, চুক্তি না হলে খুব অল্প সময়ের মধ্যেই ইউক্রেন আরো এলাকা হারাতে পারে। তিনি জানান, থ্যাঙ্কসগিভিংয়ের (২৭ নভেম্বর) মধ্যে কিয়েবকে সিদ্ধান্ত জানানোউচিত, তবে প্রয়োজন হলে সময় বাড়ানো যেতে পারে। মার্কিন প্রশাসন দ্রুত পরিকল্পনাটি মেনে নিতে কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে এবং এ সপ্তাহেই পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের ইউক্রেনে পাঠানো হয়েছে।
সূত্র : বিবিসি
