

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে সরকারের সংরক্ষিত প্যারাবন কেটে এবং সরকারি জমি দখল করে চিংড়ি ঘের তৈরির মহোৎসব চলছে। দ্বীপের পূর্ব পাড়ার বরইগাছতলা এলাকায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শ্রমিক লাগিয়ে নতুন করে বন ধ্বংস করা হচ্ছে। সম্প্রতি বড় অভিযানের পরেও সোনাদিয়া দ্বীপে বন নিধন করে মৎস্য প্রকল্প গড়ে তোলা থামছেনা।
বন নিধনের খবর পেয়ে ২৭ সেপ্টেম্বর বিকালে সোনাদিয়ায় ফের অভিযান চালায় বন বিভাগ। ওই রাত ১০ টার সময় জানা গেছে, বড় মহেশখালীর সাবেক ইউপি সদস্য মো. ছুফি, সোনাদিয়ার মো. হোসেন, আনজু মিয়া, ছোট মিয়াসহ অন্তত ১৫–২০ জন চিহ্নিত ভূমিদস্যু এ কাজে সরাসরি জড়িত। তাদের নির্দেশে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন শ্রমিক নিয়োজিত করে গাছ কেটে ফেলা হয়। পরে শুকিয়ে গেলে আগুন দিয়ে জমি ফাঁকা করা হয়। এরপর বাঁধ তুলে বিশাল চিংড়ি ঘের তৈরির কাজ চলে।
জানা গেছে, বড় মহেশখালী ও কুতুবজোম থেকে আনার জন্য প্রায় ১০০ শ্রমিককে জনপ্রতি এক হাজার টাকা মজুরিতে ঠিক করা হয়েছে। এ শ্রমিকদের দিয়ে শনিবার সকাল থেকে প্যারাবন কাটা, বাঁধ নির্মাণ ও জ্বালানি ছিটিয়ে বন পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে চক্রটি। দুপুরেই সোনাদিয়ার ওই পয়েন্টে অভিযান চালিয়ে বন বিভাগ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আয়ুব আলী জানান, সোনাদিয়া ও আশাপাশের এলাকার কিছু ভূমিদস্যুকে সাথে নিয়ে বড় মহেশখালীর সাবেক মেম্বার মো. ছুফি ও তার ভাই মোহাম্মদ রশিদ বিপুল অর্থ বিনিয়োগ করে এ কাজ করছে। ইতোমধ্যে ৩ একরের মতো প্যারাবন গত দুইদিনে কাটা হয়েছে বলে জানান তিনি।
সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে বন বিভাগের মহেশখালী ও কক্সবাজারের বিভিন্ন ইউনিট ওই এলাকার অভিযান চালায়। এ সময় শ্রমিকরা পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শ্রমিক পরিবারগুলোকে সতর্ক করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ জানান, নতুনভাবে বন উজাড় করে সরকারি ভূমি দখলের তথ্য জানার পর বন বিভাগ অভিযান পরিচালনা করেছে। আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
