

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুরে বাড়ীর পাশ থেকে মোঃ মিনহাজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই যুবক আকবপুর ইউনিয়নের পীরকাশিমপুর গ্রামের আনোয়ার মাস্টারের ছোট ছেলে।
নিহতের ভাই মঈদ আহমেদ জানান, সোবমার বিকেল ৩ টায় দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয় মিনহাজ। এশার নামাজের পর সে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এসময় পুলিশকে খবর দিলে বাঙ্গরা বাজার থানার থানার ওসি মাহফুজুর রহমান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।
এ ঘটনায় নিহত মিনহাজের পরিবার সন্দেহ করছেন, তাকে কেউ হত্যা করেছেন। তবে এ প্রতিবেদন লিখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, রাতেই লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে, সুরতহালের সময় তার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
