

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটি, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে ফকিরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ভূমি অফিস, কৃষি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। সব দপ্তরের দরজায় তালা ঝুলতে দেখা যায় এবং কর্মকর্তাদের অফিসে পাওয়া যায়নি। তবে কয়েকজনকে ভবনের বাইরে ঘুরতে দেখা গেছে।
এ কর্মসূচিতে ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা ঘোষণা দেন, সোমবার থেকে বুধবার (১৫-১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে। দাবি আদায় না হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
