

ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের ১ দিন পরে দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে ডেমরা নৌ-পুলিশ। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের যৌথ অভিযানে শনিবার বিকালে রূপগঞ্জের তারাব শবনম মিল সংলগ্ন নদী থেকে মৃতদের লাশ উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. কামরুল হাসানের নেতৃত্বে ডুবুরী টিম প্রায় ২০ ঘন্টা উদ্ধার কার্যক্রম চালিয়ে ওই দুই ছাত্রের লাশ উদ্ধার করে। পরীক্ষার দু’দিন পর শুক্রবার বিকালে নিহতরা ৮ বন্ধু মিলে নদীতে ঘুরতে আসলে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এ সময় মো. সাফওয়ান সুরাইম (১৭) ও আব্দুর রউফ (১৬) নামের দুই বন্ধু স্রোতের টানে তলিয়ে যায়। এ ঘটনায় মাঝি আনোয়ার হোসেন ও স্থানীয়দের সহায়তায় আফনান, ইব্রাহিম আবু সাঈদ, জুবায়ের, তানজিম ও তার ভাইকে উদ্ধার করা হয়। তারা সবাই ঢাকার হাজারীবাগ দারুল উলুম মাদ্রাসার ছাত্র। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ ঘন্টা চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে চেষ্টা নিখোঁজ ওই দুজনকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় বইছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, নিহত সাফওয়ান রূপগঞ্জের তারাব এলাকায় বাসিন্দা মাওলানা আব্দুল জলিলের ছেলে। তারা পরিবারসহ ডেমরার হাজীনগরে থাকে। সাফওয়ানের ভাই হাজীনগরে একটি মাদ্রাসার অধ্যক্ষ। আব্দুর রউফের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। পরীক্ষা শেষে মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুরা নৌকায় ঘুরতে এসে এই দুর্ঘটনার শিকর হন।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. কামরুল হাসান বলেন, আমরা যদি প্রথমেই খবর পেতাম তাহলে দ্রুত সময়ের মধ্যে আমাদের ডুবুরী টিম উদ্ধার কাজে নেমে যেত পারতো। এক্ষেত্রে সবার জানা উচিত অল্লাহ না করুক নদীতে কোন দুর্ঘটনা ঘটলে প্রথমে আমাদের ও কোস্ট গার্ডকে খবর দিতে হবে। তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।
