ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

এনজিও অফিসে ঋণগ্রহীতাকে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি এলাকার ‘হীড বাংলাদেশ’ নামের একটি এনজিও অফিস থেকে শংকর সাহা (৪০) নামে এক ঋণগ্রহীতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা গেছেন। নিহতের পরিবারের অভিযোগ—এনজিওর কর্মকর্তারা শংকরকে ঋণ না দিয়ে উল্টো তাকে বিষ পান করিয়ে হত্যা করেছেন। তবে বিষয়টি অস্বীকার করে এনজিও কর্তৃপক্ষের দাবি, তিনি অফিসে যাওয়ার আগেই বিষ পান করেছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে হাতিয়া থানা পুলিশ। নিহত শংকর সাহা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ষশী চন্দ্র সাহার ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্র জানায়, দিনমজুর শংকর সাহা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের অভাব ঘোচাতে প্রায় ৮-৯ মাস আগে ‘হীড বাংলাদেশ’-এর ওছখালি শাখা থেকে শতকরা সাড়ে ১২ শতাংশ সুদে ২ লাখ টাকা ঋণ নেন তিনি। ঋণ নেওয়ার সময় এনজিওর পক্ষ থেকে বলা হয়—নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে পারলে পুনরায় তাকে আরও ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে।

নিহতের স্ত্রী রিংকু সাহা অভিযোগ করে বলেন, এনজিও থেকে নেওয়া ২ লাখ টাকা পরিশোধের পর সোমবার বিকেল ৪টার দিকে পুনরায় ঋণের জন্য শংকর অফিসে যায়। এর আগে টানা দুই দিন অফিসে গিয়ে সে খালি হাতে ফিরেছিল। সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে শংকর আমাকে ফোনে জানায়, হীড কর্মকর্তারা ঋণ দেবে না, বরং অপমানজনক কথা বলছে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে অফিসের একটি নম্বর থেকে আমার ছেলে হৃদয় সাহাকে জানানো হয়—শংকর বিষ পান করেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এনজিও কর্মকর্তারা ঋণ না দিয়ে উল্টো শংকরকে অপমান ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে। সবশেষ তারা অফিসে ডেকে নিয়ে তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

হীড বাংলাদেশের ওছখালি শাখার এরিয়া ম্যানেজার অলক কুমার হালদার বলেন, শংকর ১১ কিস্তিতে ২ লাখ টাকা ঋণ নেওয়ার পর ১০ মাসের কিস্তি পরিশোধ করেছিল। আগামী অক্টোবর মাসে ২০ হাজার টাকা কিস্তি বাকি ছিল। তবে প্রতি মাসেই সময়মতো কিস্তির টাকা দিতে পারত না। কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ির এক আত্মীয় পরিচয়ে আমাদের এক ফিল্ড কর্মকর্তাকে জানায়—শংকরকে যেন নতুন ঋণ না দেওয়া হয়, কারণ সে ঋণ শোধ করতে পারবে না। তবে ওই ব্যক্তি নিজের পরিচয় গোপন রাখেন।

অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, শংকর অফিসে আসার আগেই বিষ পান করে এসেছিল। অফিসে আসার আধা ঘণ্টা পর সে আমার ব্যবহৃত বাথরুমে গিয়ে বমি শুরু করে। বিষয়টি বুঝতে পেরে আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আমাদের অফিস থেকে তাকে বিষ প্রয়োগের কোনো সুযোগ নেই।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, হাসপাতালে আনার পর তার পেট থেকে বিষ বের করা হয়েছিল। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। ইঁদুরের ওষুধ বা কিটনাশক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ ও পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram