

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কড়িকান্দি-মজিদপুর সড়কের অনেক জায়গায় পিচ, ইট ও খোয়া উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে ছোট যানবাহন চললেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা ভেবে নিজেদের অর্থায়নে সড়কটির দেড় কিলোমিটার সংস্কার করেন মসজিদপুর গ্রামের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টু, ইউনুস, অটোরিকশা ও সিএনজি চালকরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী অটোরিকশা চালকরা স্বেচ্ছাশ্রমে কোন ধরনের সরকারি বরাদ্দ ছাড়া নিজেদের অর্থায়নে ইট-খোয়া, বালু, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়ে কড়িকান্দি বাজারের মজিদপুর সিএনজি স্ট্যান্ড থেকে মজিদপুর মুন্সি বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা মেরামত করেছেন।
স্থানীয় বাসিন্দা ইউনুস ও আব্দুল লতিফ মাল বলেন, দীর্ঘদিন ধরেই সড়কটির এই বেহাল অবস্থা। এটি সংস্কারে জনপ্রতিনিধিসহ কেউ এগিয়ে আসেনি। অবশেষে এলাকাবাসী, অটোরিকশা ও সিএনজি চালকদের নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটির সংস্কারকাজ করেছে, যা সত্যিই প্রশংসনীয়।
