

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় থেকে আট কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার মিলন তালুকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা ইব্রাহিমকে একটি ড্রাম নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহজনক মনে হওয়ায় তারা হাইওয়ে থানাকে খবর দেন। পুলিশ ড্রামটি খুলে গাঁজা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাফর আহম্মেদ জানিয়েছেন, স্থানীয়দের সহযোগিতায় মাদককারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
