ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2025

জনবল সংকটে ধুঁকছে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিলছে না কাঙ্ক্ষিত সেবা

খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার ইতিহাস আর ঐতিহ্যসমৃদ্ধ উপজেলা বদলগাছী। এ উপজেলায় প্রায় ২ লাখ ৬ হাজার মানুষের স্বাস্থ্যসেবা এখন নাজুক অবস্থায়। ২০০৫ সালে ৫০ শয্যাবিশিষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হলেও, বর্তমানে ২৯টি চিকিৎসক পদের মধ্যে ২৪টিই শূন্য। এক বছরেরও বেশি সময় ধরে অ্যাম্বুলেন্স চালক না থাকায় জরুরি সেবাও কার্যত বন্ধ হয়ে আছে। এতে প্রতিদিন অসংখ্য রোগী ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২৯টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র ৫ জন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বাকিরা জরুরি বিভাগ, আউটডোর ও মাতৃসেবার মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলাচ্ছেন। শিশু, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিকসহ বিশেষজ্ঞ চিকিৎসকের পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। ফলে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো ছাড়া কোনো উপায় থাকে না।

গত বছরের জুলাই মাস থেকে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটির চালক অবসরে যাওয়ার পর এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে গুরুতর অসুস্থ রোগী, দুর্ঘটনার শিকার ব্যক্তি বা প্রসূতি রোগীদের নওগাঁ বা রাজশাহীর হাসপাতালে নিতে হচ্ছে চড়া দামে ভাড়া করা অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস বা সিএনজিতে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতিও হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিরা।

এলাকার বাসিন্দা আপেল হোসেন জানান, "কয়েকদিন আগে রাতে আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে বদলগাছী হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তারা নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। রাত গভীর হওয়ায় সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে ৩ হাজার টাকা দিয়ে ভাড়া করা গাড়িতে করে রোগীকে নিয়ে যেতে হয়েছে।"

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রায় ৩ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৯২১ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও কর্মচারীদের বেতন অন্তর্ভুক্ত। তবে চিকিৎসক বা চালক নিয়োগের জন্য জরুরি কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালের চারপাশের পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। ঝোপঝাড় ও ময়লা-আবর্জনার কারণে মশার উপদ্রব বেড়েছে। ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর স্থলে মাত্র ২ জন কর্মরত থাকায় টয়লেটগুলোও অপরিষ্কার। এতে রোগীদের পাশাপাশি তাদের স্বজনরাও দুর্ভোগ পোহাচ্ছেন।

একজন রোগীর স্বজন শাহীন আলম বলেন, "হাসপাতালে মনে হয় সাত দিন ধরে টয়লেট পরিষ্কার করা হয় না। দুর্গন্ধে ভেতরে ঢোকা যায় না। চারপাশের ঝোপঝাড়ে মশার কামড়ে রাত কাটানো অসম্ভব।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা জানান, চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালক ও পরিচ্ছন্নতা কর্মী সংকটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার জানানো হয়েছে। দ্রুত নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামও জানান, "আমরা বিষয়টি সম্পর্কে অবগত। চিকিৎসক পদায়ন এবং অ্যাম্বুলেন্স চালক নিয়োগের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।"

স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনরা মনে করছেন, বদলগাছীর স্বাস্থ্য ব্যবস্থা সচল রাখতে দ্রুত চিকিৎসক ও চালক নিয়োগ দেওয়া জরুরি, অন্যথায় সরকারি স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়বে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram