

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালীতে বিশেষ অভিযানে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ২১ আগস্ট দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ির সদস্যরা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের পানিরছড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেন। আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
