

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে তিনটি বেঞ্চ স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের উদ্যোগে বেঞ্চগুলো স্থাপন ও উদ্বোধন করা হয়। এসময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, টিএসসি প্রাঙ্গণ শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এখানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আলোচনায় মেতে ওঠেন। শিক্ষার্থীদের এই সময়গুলোকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে এবং বন্ধুত্ব ও সহমর্মিতার পরিবেশ জোরদার করতেই বেঞ্চগুলো স্থাপন করা হয়েছে।
উদ্যোগ প্রসঙ্গে মমিনুল ইসলাম জিসান বলেন, “টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র। এখানে আসা শিক্ষার্থীরা যেন স্বস্তিতে সময় কাটাতে পারে—এই ভাবনা থেকেই এই ছোট্ট প্রয়াস। আমরা চাই, এই বেঞ্চ হোক নানান মত ও পথের মিলনের প্রতীক, মুক্তচিন্তার আশ্রয়। এই উপলক্ষে আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
