

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ গাঙ্গলির নামে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় অবিলম্বে ওই শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বজর্ন করে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার বেলা ১০টায় বিদ্যালয় চত্বরে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ২ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকেরা এ বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বলেন, তাদের বিদ্যালয়ের সহকারী (গণিত) শিক্ষক দেবাশিষ গাঙ্গলি গত ২০ দিন ধরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছে। যে কারণে তাদের লেখাপড়ায় ব্যাহত হচ্ছে। ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীরা ওই শিক্ষকের নিয়মিত ক্লাস না হওয়ার কারণে এর প্রভাব পড়বে পরীক্ষার রেজাল্টে। তাই ঊর্ধ্বতন প্রশাসনের কাছে দ্রুত ওই শিক্ষকের মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবি জানান।
তার বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর থেকে একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। আজ থেকে আমরা ক্লাস বর্জন করেছি। অনতিবিলম্বে স্যারের মুক্তির না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ থেকে বক্তৃতা করেন শিক্ষার্থী আরিফা ইসলাম মিম, সুরমা আক্তার, মহিমা আক্তার, জুই আক্তার, শাহারা ইসলাম, সনিয়া আক্তার, আহসুনল্লাহ রায়হান, প্রাক্তন শিক্ষার্থী এস এম জাহেদসহ একাধিকরা। এদিকে অভিভাবক শাহিনুর বেগম, কুলসুম বেগম, নূর জাহান, বুসরা আক্তার বলেন, একজন মেধাবী ভাল শিক্ষককে ষড়যন্তমূলক মামলা দিয়ে দিনের পর দিন জেল হাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরও বিচারের দাবি জানান।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান খান বলেন, সহকারী শিক্ষক দেবাশিষ গাঙ্গলি একটি মামলায় জেলহাজতে রয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস বর্জনের বিষয়টি জরুরিভাবে শিক্ষক পরিষদে মিটিং ডাকা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ফকিরবাড়ি স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন বিষয়টি শুনেছেন। তবে, শিক্ষার্থীদের সাথে কথা বলে ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। সহকারী শিক্ষকের জামিনের বিষয়টিও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
