ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩১
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা পূর্বপাড়া থেকে চরদোরতার পাওয়ার প্যানেল বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। সাড়ে তিন কিলোমিটার এই রাস্তাটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাটির এই রাস্তাটি সামান্য বৃষ্টিপাতেই থলথলে কাদায় পরিণত হয়। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তাতে পানি জমে থাকে দিনের পর দিন। এতে করে ওই রাস্তায় কার্যত রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ সব যানবাহন চলাচলও খুবই কষ্টকর হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রশিদ মিয়া বলেন, এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, হাট-বাজার, হাসপাতাল সবকিছুতে যেতে হয়। কিন্তু রাস্তাটি এমন ভাঙাচোরা যে চলতে গিয়ে পিছলে পড়ে হাত-পা ভাঙার ভয় থাকে।

নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, বিকল্প রাস্তা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এই রাস্তা স্কুলের শত শত শিক্ষার্থী, কৃষক, দোকানদারসহ সাধারণ মানুষ যাতায়াত করে। বিশেষ করে রোগী পরিবহনে সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। বৃষ্টির দিনে পথচলা হয়ে পড়ে আরও বিপজ্জনক।

অশীতিপর বৃদ্ধ সুজাত আলী জানান, বছরের পর বছর ধরে এই রাস্তা দেখি এমনই। অনেকবার মেম্বার-চেয়ারম্যানরে কইছি কিন্তুক, কেউ সারে না। ভোটের বেলায় আইসা মিটা কতা কইয়া যায়। রাস্তা সাইরবার কতা কয়। কামের কাম কিচ্চু হয়না।

স্থানীয় ইউপি সদস্য জলিল মিয়া জানান, অনেকবার বলেছি, কিন্তু এই রাস্তাটির কোন কাজ হয়নি। এখন প্রতিনিয়ত চলাচলে আমরা দুর্ভোগ পোহাচ্ছি।

স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাস্তার অবস্থা খারাপ হওয়ায় ট্রলি বা মালবাহী যান চলাচল করতে চায় না। আসলেও বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে আমাদের। জনগুরুত্বপূর্ণ বিধায় এই রাস্তাটি পাকাকরণ খুবই জরুরি।

কাজিপুর উপজেলা প্রকৌশলী এসএম হেদায়েত উল্ল্যাহ বলেন, বিষয়টি জানলাম। সরেজমিন গিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram