ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৬
logo
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

আত্রাইয়ে রাস্তা সংস্কার কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রাস্তা সংস্কার কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে চরম উদাসীন থাকায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, আত্রাই উপজেলার পল্লী বিদ্যুতের সাবস্টেশন থেকে ভরতেঁতুলিয়া গ্রামের শেষ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত হয়েছিল। রাস্তাটি পাকা না হওয়ায় ভরতেঁতুলিয়া ও কাশিয়াবাড়ি গ্রামের হাজার হাজার মনুষকে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এ দুর্ভোগ লাঘবে প্রায় এক বছর আগে রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করেন। রাস্তাটি খনন করে ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করার পর ঠিকাদার লাপাত্তা হয়ে যান। ফলে প্রায় এক বছর থেকে রাস্তাটির বেহাল দশা হয়ে রয়েছে।

কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেও তারা কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ গ্রামবাসীর। ভরতেঁতুলিয়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান আকন্দ, একই গ্রামের বিএনপি নেতা আব্দুর রহমান সেন্টু বলেন, আমরা উপজেলার কাছের গ্রামবাসী হওয়া সত্ত্বেও যুগ যুগ ধরে যোগাযোগের ক্ষেত্রে চরম অবহেলিত ছিলাম।

সাম্প্রতিক সময়ে এ রাস্তা পাকাকরণের উদ্যোগ নেয়া হলে অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে রাস্তাটি প্রশস্ত করা হয়। রাস্তার কাজ হঠাৎ করে বন্ধ হওয়ায় আমাদের দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে।

গ্রামবাসী জানান, ওই গ্রাম আত্রাই উপজেলার শুঁটকি উৎপাদনে খ্যাত। এ গ্রামে অর্ধশতাধিক শুঁটকি ব্যবসায়ী রয়েছেন। রাস্তার বেহাল দশা হওয়ায় তারা তাদের কাঁচা মাছ পরিবহন করতে না পারায় শুঁটকি উৎপাদন করতে পারছেন না। ফলে অনেক শুঁটকি ব্যবসায়ী হাত গুটিয়ে বসে রয়েছেন।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, রাস্তাটির প্রাথমিক পর্যায়ের কাজ পরীক্ষা নিরীক্ষা করে নিম্নমানের প্রমাণিত হওয়ায় ঠিকাদারকে পুনরায় কাজ করার জন্য বলা হলে তিনি কাজটি বন্ধ করে রেখেছেন। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ সমাপ্ত করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে অবশ্যই দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram