

এমকে ভুইয়া সোহেল, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের নির্দেশে বিএনপি সার্বক্ষণিক সকল নিহতের পাশে দাঁড়িয়েছে। সখীপুরের হুমায়রা ও মির্জাপুরের তানভীরসহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের পাশে বিএনপি থাকবে। এছাড়াও প্রত্যেকটি নিহতের পরিবারের কাছে তারেক রহমান সমবেদনা জানিয়েছেন ৷
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের শিক্ষার্থী হুমায়রার পরিবারের সদস্যের সমবেদনা জানাতে শুক্রবার (১লা আগষ্ট) বিকেলে সেখানে যান বিএনপি’র এই নেতা। নিহতের পরিবারের সাথে কথা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ নিচ্ছিলো, এ নিয়ে বহু আলোচনা হয়েছে। এ ব্যাপারে সরকার তদন্ত কমিটি করে সিদ্ধান্ত নিবে। পরবর্তী সময়ে এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ চালানো ঠিক হবে কি না?
সমবেদনা শেষে নিহত শিক্ষার্থী হুমায়রার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সখিপুর উপজেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
