ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩১
logo
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৫

সৌদি আরবে পারফর্ম করতে ১০ কোটি রুপি নিয়েছেন উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ব্যয়বহুল সাজপোশাক নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। ভারতের গণ্ডি পেরিয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও।

ভারতীয় সিনেমায় এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার সৌদি আরবে স্টেজ শোয়ে ৭ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন উর্বশী।

এ নিয়ে মানি কন্ট্রোলকে সাক্ষাৎকার দিয়েছেন উর্বশী রাউতেলা। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জেদ্দায় পারফর্ম করার জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক শোতে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া ভারতীয় অভিনেত্রী হিসেবে ইতিহাস গড়েছেন। এত বড় মাইলফলক স্পর্শ করার অনুভূতি কেমন?

জবাবে উর্বশী রাউতেলা বলেন, “বছরের পর বছর ধরে আমার নিষ্ঠা, শৃঙ্খলা এবং শিল্পের প্রতি বিশ্বাসের জন্য এটা ঐশ্বরিক পুরস্কার বলে মনে করছি। এই মুহূর্তটি কেবল আমার জন্য নয়, বরং প্রতিটি ভারতীয় নারীর জন্য ঐতিহাসিক; যারা বড় স্বপ্ন দেখার সাহস করেন। আমি সবসময় গল্প পুনর্লিখনে বিশ্বাসী। আশা করি, এই মাইলফলক আরো দ্বার খুলে দেবে, বিশ্বব্যাপী ভারতীয় নারীদের আরো জায়গা তৈরি করবে।”

সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার সৌদি আরব ভ্রমণ অসাধারণ ছিল। আমি প্রথম ভারতীয় নারী যে, সৌদি আরবের জেদ্দায় পারফর্ম করেছি। জেদ্দা এবং তার বাইরের মানুষের কাছ থেকে যে উষ্ণ ভালোবাসা, আতিথেয়তা পেয়েছি, সত্যি তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি ছিল একটি সুন্দর সাংস্কৃতিক বিনিময়। ভারতীয় প্রতিভার এত প্রশংসা পাওয়া সত্যি অবিশ্বাস্য।”

ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উর্বশী রাউতেলা ২৩৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৩৩৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি) মালিক। যদিও টেলি চক্কর, ডিএনএ, ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানানো হয়েছে, উর্বশী রাউতেলা ৫৫০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৭৮৪ কোটি ৬২ লাখ টাকার বেশি) মালিক।

শুধু অভিনয় নয়, বিজ্ঞাপন, মডেলিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন, আন্তর্জাতিক প্রজেক্ট থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন উর্বশী। ইনস্টাগ্রামে তার অনুসারী ৭২ মিলিয়নের বেশি।

বলিউড লাইফের তথ্য মতে, উর্বশী রাউতেলা বেশ কিছু বিলাসবহুল গাড়ির মালিক। তার গ্যারেজে শোভা পাচ্ছে ফেরারি পোর্টোফিনো। এ গাড়ির মূল্য ৩.৫ কোটি রুপি। তা ছাড়াও রয়েছে—অডি কিউ৭ (৮০-৯০ লাখ রুপি), ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর (৬ কোটি রুপি), বিএমডব্লিউ ৭ সিরিজ (১.৮৩ কোটি রুপি), মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস (১.৭১ কোটি রুপি)।

উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
উর্বশীর হাতে এখন বিভিন্ন ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—হিন্দি ভাষার ‘কাসুর টু’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, তেলেগু ভাষার ‘ব্ল্যাক রোজ’।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram