ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2026

সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার জমকালো বিশ্বকাপের সফল সমাপ্তির ঠিক তিন দিন পর সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের অফিসিয়াল ‘সেরা একাদশ’ ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

বুধবার (২২ জুলাই) ক্লাসিক ৪-৩-৩ ছকে সাজানো এই দলে যৌথভাবে সবচেয়ে বেশি ৩ জন করে ফুটবলার জায়গা করে নিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্স থেকে।

অন্যদিকে রানার্স-আপ আর্জেন্টিনা থেকে ২ জন এবং ইংল্যান্ড, নরওয়ে ও আফ্রিকান চমক কেপ ভার্দে থেকে ১ জন করে ফুটবলার এই একাদশে জায়গা পেয়েছেন। তবে সমর্থকদের এই ভোটে বড় ধরনের চমক তৈরি হয়েছে; পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিনে ইয়ামাল কিংবা ব্রাজিলের কোনো ফুটবলারের জায়গা না হওয়াটা।

এই ড্রিম টিমের গোলবারের নিচে দাঁড়িয়েছেন ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। পুরো আসর জুড়ে দুর্দান্ত সব সেভ করে কেপ ভার্দেকে চমকে দেওয়ার মূল কারিগর এই বর্ষীয়ান শট-স্টপার ফুটবলপ্রেমীদের ভালোবাসা কুড়িয়ে পুরো একাদশের মধ্যে সর্বোচ্চ ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন।

চারজনের শক্তপোক্ত রক্ষণভাগে ঠাঁই পেয়েছেন অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুই ফুলব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো টুর্নামেন্টে এক মিনিটও বেঞ্চে না বসে মাঠ দাপিয়ে বেড়ানো স্প্যানিশ তারকা কুকুরেয়া ২টি অ্যাসিস্টের পাশাপাশি স্পেনের ৭টি ক্লিন শিট রাখার পেছনের মূল দেয়াল হয়ে ছিলেন।

তিনজনের মাঝমাঠে নিখুঁত সমন্বয় গড়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি, ফ্রান্সের হয়ে ৭টি অ্যাসিস্ট করা মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের হয়ে ৭ গোল করা রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম।

আক্রমণভাগ সাজানো হয়েছে বিশ্ব ফুটবলের তিন বিধ্বংসী গোলমেশিনকে নিয়ে, যেখানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হল্যান্ড।

১০টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (২২ গোল) মুকুট পরা ফরাসি অধিনায়ক এমবাপ্পে দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬ শতাংশ ভোট পেয়ে একাদশে স্থান করে নিয়েছেন।

তার সাথে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফুটবলের জাদু দেখিয়ে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্টে আর্জেন্টাইনদের ফাইনালে তোলা তারকা লিওনেল মেসি রয়েছেন ডান প্রান্তে। আর নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ আটে থমকে গেলেও টুর্নামেন্টে ৭টি গোল করা ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে রাখা হয়েছে একাদশের মূল সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশ

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram