ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2026

যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক

স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে হঠাৎ যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক ট্রেন্ডে পুরনো ছবি, সে সময়ের ফ্যাশন ও জনপ্রিয় গান ব্যবহার করে নিজেদের নব্বইয়ের দিনের গল্প তুলে ধরছেন অনেকে।

বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার পর গতকাল থেকে বাংলাদেশেও ট্রেন্ডটি বেশ সাড়া ফেলেছে।‘হোয়াট ওয়্যার ইউ লাইক ইন দ্য ’৯০স’—এ ভাবনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এসব পোস্ট। সাধারণত নব্বইয়ের দশকের কয়েকটি ছবি দিয়ে তৈরি করা হচ্ছে ছোট স্লাইডশো। এর সঙ্গে ব্যবহার করা হচ্ছে মার্কিন ব্যান্ড গু গু ডলসের ১৯৯৮ সালের জনপ্রিয় গান ‘আইরিস’।

ইনস্টাগ্রাম ও টিকটকে তারকা থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরা এই ফরম্যাটে নিজেদের পুরনো দিনের ছবি প্রকাশ করছেন। কারো পোস্টে থাকছে সত্যিকারের পুরনো স্মৃতি, আবার কেউ এআইয়ের সাহায্যে বর্তমানের ছবিকে নব্বইয়ের দশকের আবহে রূপ দিচ্ছেন।

নব্বইয়ের দশকের পোশাক, চুলের ধরন, ফ্যাশন ও জীবনযাপনের নানা অনুষঙ্গই এই ট্রেন্ডের মূল আকর্ষণ। প্রযুক্তিনির্ভর বর্তমানের বাইরে গিয়ে এসব ছবিতে ফুটে উঠছে এমন এক সময়ের চিত্র, যখন স্মার্টফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠেনি।

ফলে নস্টালজিয়াই ট্রেন্ডটির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। বিশ্বের বিনোদনজগতের অনেক পরিচিত মুখ ইতিমধ্যে এতে অংশ নিয়েছেন। রেবা ম্যাকএন্টায়ার, ড্যারিয়াস রাকার, ড্রু ব্যারিমোর, স্কট উলফ, ব্রুক শিল্ডস, জো মানতেগনা ও কেভিন বেকন নিজেদের নব্বইয়ের দশকের ছবি প্রকাশ করেছেন।

টেলিভিশন তারকারাও পিছিয়ে নেই। ‘হোম ইমপ্রুভমেন্ট’ ও ‘বয় মিটস ওয়ার্ল্ড’-এর অভিনেত্রী মার্লা সোকোলফ এবং ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’খ্যাত ক্রিস্টিন ডেভিসও শেয়ার করেছেন নিজেদের পুরনো দিনের স্মৃতি।

তারকাদের পোস্টের পর ট্রেন্ডটি ছড়িয়ে পড়ছে সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও। বাংলাদেশেও অনেকেই পুরনো ছবি খুঁজে বের করে পোস্ট করছেন। কেউ কেউ আবার এআইয়ের সাহায্যে নব্বইয়ের দশকের পোশাক, পরিবেশ ও ফ্যাশনের আদলে নতুন ছবি তৈরি করছেন।

অর্থাৎ কয়েকটি পুরনো ছবি আর একটি পরিচিত গান ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে এক টুকরো নস্টালজিয়া। যে সময়কে অনেকে এত দিন শুধু স্মৃতিতে ধরে রেখেছিলেন, প্রযুক্তির সাহায্যে সেটিই এখন আবার ছবির ফ্রেমে ফিরে আসছে।

আপনিও বানাতে পারেন নব্বইয়ের ছবি। পছন্দের পোশাক, চুলের ধরন, ঘরের পরিবেশ, ক্যামেরার ধরন ও ছবির রঙের বর্ণনা দিয়ে তৈরি করতে হবে প্রম্পট। সেই প্রম্পটের সঙ্গে নিজের ছবি ব্যবহার করলেই তৈরি করা সম্ভব নব্বইয়ের দশকের আদলে নতুন ছবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram