ঢাকা
logo
প্রকাশিত : October 21, 2026

পবিত্র মক্কা-মদিনা ছাড়া সৌদিকে অনিরাপদ ঘোষণা হুতিদের

সৌদি আরবের আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে এ সতর্কবার্তার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনাগুলো থেকে কর্মী, শ্রমিক ও সাধারণ নাগরিকদের দূরে থাকার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

সোমবার (১৯ অক্টোবর) হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সাবা নিউজ এজেন্সির প্রতিবেদনে এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের আকাশসীমা অনিরাপদ।’ সতর্কবার্তা পাওয়ার পরও যারা ঝুঁকিপূর্ণ এলাকায় থাকবেন, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছে হুতিরা। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য ক্ষতি এড়াতে দেরি হওয়ার আগেই আরামকোর শেয়ার থেকে বিনিয়োগ প্রত্যাহার করা উচিত। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির নাজরান শহরের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি সৌদির খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি জোটটির।

চলতি অক্টোবরের শুরু থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে সংঘাত এবং নিরাপত্তা উত্তেজনা বেড়েছে। হুতিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় পরিসরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জোটটি। অন্যদিকে, সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশসীমা ও জ্বালানি স্থাপনাগুলো নিয়ে হুতিদের নতুন সতর্কবার্তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram