

হিজবুল্লাহর কাছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠিয়েছে ইরান। চলতি বছর ইসরায়েলের সাথে যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া লেবাননের নাগরিকদের সহায়তায় এ অর্থ পাঠানো হয়। এই অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে যুক্তরাষ্ট্র এই দাবিটি অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, এই অর্থ সেখানে নেই। তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা ইরান থেকে বিপুল নগদ অর্থ আসার ভুয়া গল্প ছড়িয়ে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে।
এদিকে, হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধিও ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কোন কোন মাধ্যমে অর্থ লেবাননে পৌঁছেছে-এসব বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
প্রাপ্ত অর্থের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একইভাবে যেসব এলাকা এখনো সামরিক উপস্থিতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে রয়েছে, সেসব এলাকার বাসিন্দারাও সহায়তার আওতায় আসবেন।
তবে এই অর্থ কীভাবে নিরাপত্তাবেষ্টিত ও গোপন প্রক্রিয়ায় লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অর্থের গতিপথ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কগুলো ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
