ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2026

দুই দফা মার্কিন হামলা থেকে বেঁচেছিলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দুই দফা প্রাণে বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির এক ধর্মীয় নেতা। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার পর আহত মোজতবাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই হাসপাতালেও হামলা হলে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম আল আরাবির সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহসেন হেইদারি আলেকাসির।

আলেকাসিরের ভাষ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের তিনটি হাসপাতালে হামলা চালানো হয়। এর মধ্যে তৃতীয় হাসপাতালটিতেই চিকিৎসাধীন ছিলেন মোজতবা খামেনি। হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

এরপর মোজতবাকে অজ্ঞাত একটি স্থানে সরিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি ভিডিওতেও নয়।

আলেকাসির আরও দাবি করেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। ৮ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে তার নাম ঘোষণা করার পরই বিষয়টি জানতে পারেন তিনি। সিদ্ধান্ত হওয়ার পর ধর্মীয় ও আইনগতভাবে দায়িত্বটি গ্রহণ করা তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে বলে জানান ওই ধর্মীয় নেতা।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অব এক্সপার্টসের। আলেকাসির জানান, ওই পরিষদের কুম সচিবালয়ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা করার প্রক্রিয়া সম্পর্কেও আলেকাসির দাবি করেন, তিনিই প্রথম তার নাম প্রস্তাব করেছিলেন। তখন পাওয়া তথ্য অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা নেতৃত্ব দেওয়ার মতো শারীরিকভাবে সুস্থ ছিলেন বলেও তিনি জানান।

তার দাবি, ৫৯ সদস্যের ভোটে মোজতবা খামেনি ৫০ ভোট পান। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান আট ভোট এবং একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

আলেকাসির বলেন, ‘শত্রুর অবস্থান বিবেচনায় ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ছাড়া অন্য কাউকে নির্বাচন করা হবে না।’

তবে মোজতবা খামেনি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত নয়। বাবাকে হত্যার বিমান হামলায় তিনি আহত হয়ে আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও গত সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram