ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2026

ট্রাম্পের প্রচারণা ও হোয়াইট হাউসের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও হোয়াইট হাউসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিও থেকে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের গান।

মূলত, গত এক সপ্তাহে মার্কিন এই পপ তারকার ২টি গান ব্যবহার করেছিল হোয়াইট হাউস ও ট্রাম্পের প্রচার সেল।

রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে হোয়াইট হাউস এবং সুইফটের প্রতিনিধির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি, ট্রাম্পকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সুইফট। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে, ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন তিনি। এর আগে, ২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে সুইফট লিখেছিলেন, ট্রাম্প ‘ভালোভাবেই জানেন যে আমরা তাকে প্রেসিডেন্ট হিসেবে চাই না’।

ট্রাম্পও বারবার সুইফটের সমালোচনা করেছেন। ২০২৪ সালে হ্যারিসকে সমর্থনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, আমি টেইলর সুইফটকে ঘৃণা করি! গত বছরও তিনি লেখেন, কেউ কি খেয়াল করেছেন, আমি ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি’ বলার পর থেকে সে আর ‘হট’ নেই?

এদিকে, গত সপ্তাহে ট্রাম্পের প্রচার সেলের টিকটক পেজে সুইফটের দুটি গান ব্যবহার করা হয়। এর মধ্যে একটি ভিডিওতে সুইফটের গানের শিরোনাম ও কথার সঙ্গে মিল রেখে রাজনৈতিক বার্তা দেওয়া হয়। সেখানে লেখা ছিল—‘রেড (ডোনাল্ড ট্রাম্পের সংস্করণ)’, ‘রেড (টেইলর সুইফট রিপাবলিকানদের নিয়ে একটি পুরো অ্যালবাম লিখেছেন)’, ‘এভরিথিং হ্যাজ চেঞ্জড (আমাদের দক্ষিণ সীমান্তে)’, ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার (বাইডেন-হ্যারিস প্রশাসন)’ এবং ‘দ্য লাস্ট টাইম (একটি অটোপেন দেশ চালাচ্ছে)’। এসবের মাধ্যমে সুইফটের জনপ্রিয় গানগুলোর নামকে ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়।

এর আগে, জুনে ট্রাম্পের প্রচার শিবির শর্ট ভিডিও প্ল্যাটফর্মে সুইফটের নতুন ‘টয় স্টোরি-৫’ সিনেমার গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ ব্যবহার করে একটি ভিডিও পোস্ট করে।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমাদের দেশ ও আমেরিকার জনগণকে আর কেউ বেশি ভালোবাসে না।’ ভিডিওতে ট্রাম্পকে হোয়াইট হাউসে শিশুদের সঙ্গে কথা বলতে, ইউএফসি ম্যাচে নাচতে এবং একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে দেখা যায়।

সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রাম্প প্রশাসন বা তার প্রচার সেল গ্র্যামি পুরস্কারজয়ী এই পপ তারকার কোনো গান ব্যবহার করল।

এর আগে, গেল এপ্রিলে, হোয়াইট হাউস একটি ভিডিও প্রকাশ করে। যেখানে আগের দিন 'আর্টেমিস-২' মিশনের নভোচারীদের ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের দৃশ্য দেখানো হয়। ভিডিওটিতে সুইফটের ‘হাই ইনফিডেলিটি’ গানটি ব্যবহার করা হয়েছিল। এতে গানটির ‘তুমি কি সত্যিই জানতে চাও ২৯ এপ্রিল আমি কোথায় ছিলাম?’— এই লাইনটিও ছিল।

আবার গত বছরের নভেম্বরে, হোয়াইট হাউস আরেকটি টিকটক ভিডিও প্রকাশ করে। এতে সুইফটের ‘দ্য লাইফ অব এ শোগার্ল’ অ্যালবামের ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানটি ব্যবহার করা হয়। অ্যালবামটি এর আগের মাসেই প্রকাশিত হয়েছিল। ভিডিওতে মার্কিন পতাকা, বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও ট্রাম্পের নানা ছবি দেখানো হয়। এর মধ্যে ২০২৩ সালে গ্রেফতারের সময় তোলা ট্রাম্পের মাগশটও ছিল।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে হোয়াইট হাউসের এক মুখপাত্র একাধিক সংবাদমাধ্যমকে জানান, ট্রাম্প প্রশাসন জানতো যে সংবাদমাধ্যমগুলো ভিডিওটি নিয়ে ‘আগ্রহের সাথে প্রচার করবে’— আর সে কারণেই এটি তৈরি করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় ট্রাম্পের প্রচারদল এর আগেও নানা জনপ্রিয় গানের সঙ্গে ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের মতো বিভিন্ন বিষয় তুলে ধরে ভিডিও প্রকাশ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram