

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটির কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগমুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন পাইলট। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হয়। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর রয়টার্স।
স্থানীয় সময় শুক্রবার (৩১ জুলাই) মিরামার এয়ার স্টেশনের রানওয়ের কাছে যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। সামরিক বাহিনীর এক মুখপাত্র এ ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে জানা যায়নি।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, একাধিক জরুরি সেবার যানবাহন মোতায়েন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসকর্মীরা পানি বা অগ্নিনির্বাপণ রাসায়নিক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় ঘাসে আগুন লেগে যায়। আগুনে পুড়ে এলাকাটি কালো ও ঝলসে গেছে।
মূলত, এফ-৩৫ যুদ্ধবিমানের তিনটি সংস্করণ আছে। এরমধ্যে এফ-৩৫ বি সংস্করণটি নৌবাহিনীর জন্য ব্যবহার করা হয়। এটি যুক্তরাষ্ট্রের আধুনিকতম স্টেলথ যুদ্ধবিমান।
