ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৩
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে দাবি করার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদনে কোনো ধরনের তাড়াহুড়ো না করে পুরো বিষয়টি সময় নিয়ে নিখুঁতভাবে সম্পন্ন করতে আলোচনার দায়িত্বে থাকা মার্কিন প্রতিনিধিদলকে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৫ মে) দ্য হিন্দু প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ট্রাম্পের এই নতুন নির্দেশনার ফলে গত তিন মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দ্রুত অবসান ঘটার যে আশা তৈরি হয়েছিল, তা আপাতত কিছুটা ফিকে হয়ে এল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।

চুক্তি প্রক্রিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তাড়াহুড়ো না করার যুক্তি ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, ‘আলোচনায় যথেষ্ট অগ্রগতি হচ্ছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কও অনেক বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে। তবে দুই পক্ষকেই গোটা বিষয়টি পর্যাপ্ত সময় নিয়ে একদম নির্ভুলভাবে করতে হবে। এখানে কোনো ধরনের ভুল করার বিন্দুমাত্র অবকাশ নেই।’

এর আগে শনিবারই ট্রাম্প বেশ জোরালো দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে শান্তিচুক্তির অধিকাংশ বিষয় চূড়ান্ত এবং এটি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। কিন্তু রোববার তিনি হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়েও আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত বার্তা দিয়েছেন। শনিবার সমঝোতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়ার কথা বললেও পরদিনই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ‘চুক্তি চূড়ান্ত হয়ে তাতে দুই পক্ষের আনুষ্ঠানিক সই না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর থাকবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে একযোগে বিমান হামলা চালায়। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পারস্য উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক সামরিক অস্থিরতা এখনো পুরোপুরি কাটেনি।

এরই মধ্যে সংকট সমাধানের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বেশ কয়েক দফায় আনুষ্ঠানিক আলোচনায় বসে। তবে সেখান থেকে এখন পর্যন্ত স্থায়ী কোনো রাজনৈতিক সমাধান বেরিয়ে আসেনি। দুপক্ষের মধ্যে পর্দার আড়ালে মধ্যস্থতার চেষ্টা জারি থাকার মাঝেই শনিবার ট্রাম্পের ইতিবাচক পোস্টে দ্রুত চুক্তির আশা জেগেছিল, যা রোববারের নতুন নির্দেশে আবারও দীর্ঘায়িত প্রক্রিয়ার মুখে পড়ল।

সূত্র: দ্য হিন্দু

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram