

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করেছে কেন্দ্রীয় সরকার। এবার দেশটির মধ্য-পূর্ব অঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবেও একই পদক্ষেপ নিয়েছে প্রাদেশিক সরকার। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘোষণা দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। খবর জিও নিউজের।
শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহন বিনামূল্যে ব্যবহার করা যাবে। এই উদ্যোগটি শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর হবে।’
যাত্রীদের তাৎক্ষণিক ও ব্যাপক স্বস্তি প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাসব্যাপী বিনামূল্যে পরিবহন কর্মসূচি বাস্তবায়নে সরকার ৩৫ কোটি রুপি খরচ করবে।’
এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ-ও প্রদেশটিতে সরকারি পরিবহনে যাতায়াতের ভাড়া মওকুফ করার ঘোষণা দেন। পাশাপাশি ট্রাক ও বাস খাতে “টার্গেটেড ভর্তুকি” দেওয়ার কথাও জানান তিনি।
মরিয়ম নওয়াজ পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়তি খরচ যেন যাত্রী ও ভোক্তাদের ওপর চাপিয়ে না দেওয়া হয়। তিনি বলেন, ‘পরিস্থিতি উন্নত হলে আমরা দ্রুত জনগণের ওপর থেকে অর্থনৈতিক চাপ কমানোর প্রতিশ্রুতি দিচ্ছি।’
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। এতে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ করা হয়।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তানেও এর প্রভাব পড়েছে। পাকিস্তান তার জ্বালানি চাহিদার বড় একটি অংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল, যার বড় চালান আসে হরমুজ প্রণালি হয়ে। সম্প্রতি ইরান এই রুটটি কার্যত বন্ধ করে দিলেও পাকিস্তান সরকারের দাবি, তারা ইরানের সাথে আলোচনার মাধ্যমে পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোর জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।
