ঢাকা
logo
প্রকাশিত : March 30, 2026

বিশ্ববাজারে ১১৫ ডলার ছাড়াল তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তীব্র হওয়ায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ৩.৫ শতাংশ বেড়ে ১০৩ ডলারে পৌঁছেছে।

সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়েছে। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। তেল-গ্যাস স্থাপনায় হামলার কারণে গ্যাসের দামও বেড়েছে। এর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর। গতকাল যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি গ্যালন গ্যাসের দাম দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৮ ডলার।

এ পরিস্থিতিতে এশিয়ার ছোট দেশগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা, হরমুজ প্রণালি দিয়ে যে তেল পরিবহন হয়, তার গন্তব্য মূলত এশিয়া। তবে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পুরো বৈশ্বিক অর্থনীতিতেই ছড়িয়ে পড়বে বলে সিএনএনকে জানিয়েছেন র‍্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকন্যালি।

তিনি বলেন, এ পরিস্থিতিতে সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো মন্দা; কেবল তেমন কিছু ঘটলেই তেলের দাম কমতে পারে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের ধস নেমেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৪ শতাংশ কমেছে।

মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান হুমকি দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজে হামলা চালানো হতে পারে। এই হুমকির কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় অস্থিরতা তৈরি হয়েছে।

সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়। কিন্তু পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় তেলের দাম দ্রুত বাড়ছে।

ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বাজার বিশেষজ্ঞ শন ফোলি বলেছেন, সংঘাত কমানো না গেলে তেলের দাম আরো বাড়তে পারে। তার মতে, ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার আশঙ্কাও উদ্বেগ বাড়িয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর আগের দিন ২৭ ফেব্রুয়ারি ব্রেন্ট তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার। পরে ১৮ মার্চ তেলের দাম ১১৯.৫০ ডলারে পৌঁছে যায়, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।

সূত্র : বিবিসি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram