

এম কে ভুইয়া সোহেল, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: সৌদি আরবে একটি আবাসিক ভবনে রবিবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশির নাম মোশারফ হোসেন (৩৮)। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের মধ্যপাড়া এলাকার মো. সুজাত আলীর ছেলে।
মোশারফ হোসেনের সঙ্গে কাজ করা কীর্তনখোলা গ্রামের লোকজন মোশারফের পরিবারকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
পরিবার এবং প্রতীবেশীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় আট বছর আগে সৌদি আরব যান মোশারফ হোসেন। মৃত্যুর আধা ঘণ্টা আগে তিনি বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন। এসময় তিনি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহিম (১৪) কে বলেন, তোমার ছোট ভাই মিহানসহ পরিবারের সকলের জন্য ঈদের কেনাকাটা করে নাও। আমি পরে টাকা পাঠিয়ে দেবো। নিহত মোশারফ রবিবার রাত সাড়ে আটটার দিকে ভিডিও কলে সর্বশেষ কথা বলেন মাহিমের সাথে।
এ ঘটনায় মোশারফের স্ত্রী কবরী আক্তার বিলাপ করতে করতে বারবারই মূর্ছা যাচ্ছেন।
মোশারফের বাবা সুজাত আলী বলেন, ছেলেকে হারিয়ে আমার পুরো পরিবার বাকরুদ্ধ। শেষবারের মতো তাকে যেন আমরা দেখতে পারি তাই তার লাশটা দেশে ফেরত চাই।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি আমরা। যতদ্রুত সম্ভব মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ পূর্ববর্তী সহায়তা দেওয়া হবে এবং পরবর্তীতে বিধি মোতাবেক সরকিরী সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে টাঙ্গাইল- ৮(বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এড. আহমেদ আযম খান মোশারফের মৃত্যুর ঘটনায় ভিডিও কলে মোশারফের বাবার সাথে কথা বলেন ও গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন। বুধবার সংসদ সদস্য মোশারফের পরিবারের খোঁজ খবর নিতে কীর্তনখোলা যাবেন বলে জানিয়েছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ছাদেকুল ইসলাম সবুজ।
উল্লেখ্য, গতকাল রোববার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৌদি আরবের আল-খার্জ এলাকার একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তথ্য প্রচার করে।

