ঢাকা
logo
প্রকাশিত : March 2, 2026

টেক্সাসে পানশালায় বন্দুক হামলা, নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পানশালায় এনদিয়েগা ডায়াগন (৫৩) নামে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ২টার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনের সিক্সথ স্ট্রিট এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এই হামলাকে ‘সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে তদন্ত করছে।

পুলিশ জানায়, হামলাকারী এনদিয়েগা ডায়াগন পিস্তল ও রাইফেল ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালান। পরে পুলিশের গুলিতে নিহত হন।

অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী একটি এসইউভি গাড়ি নিয়ে ‘বুফোর্ডস ব্যাকইয়ার্ড বিয়ার গার্ডেন’ নামের ওই পানশালার সামনে কয়েকবার চক্কর দেন। এরপর জানালা দিয়ে বাইরে থাকা মানুষের ওপর পিস্তল দিয়ে গুলি শুরু করেন। পরে গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে নেমে পথচারীদের ওপর গুলি চালান।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যালেক্স ডোরান বলেন, ‘হামলাকারীর গাড়ি ও পোশাকে এমন কিছু আলামত পাওয়া গেছে, যা সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করে। তবে এটি ঠিক কী ধরনের সন্ত্রাসবাদ, তা বলার সময় এখনো আসেনি।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক দিন পরই টেক্সাসে এই হামলার ঘটনা ঘটল। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কাজে লাগিয়ে কেউ টেক্সাসকে হুমকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে ভয় পাই না।’

অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, তাদের সাহসিকতায় অনেক প্রাণ রক্ষা পেয়েছে।

সূত্র: আলজাজিরা, এপি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram