ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৮, ২০২৫

মালয়েশিয়ায় এক বছরে আটক ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী

চলতি বছর মালয়েশিয়াজুড়ে পরিচালিত অভিযানে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৩ হাজার ৬৭৮টি অভিযানের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কার্ডধারী ৫ হাজার ২৯৪ জনও ছিলেন।

তিনি জানান, অভিযানে সরাসরি আটক হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা ৫০ হাজার ৪৭২ জন। এছাড়া দেশের প্রধান প্রবেশপথ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তান্তরের মাধ্যমে আরও ৪১ হাজার ৩৫৭ জনকে আটক করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছে ইন্দোনেশিয়ার নাগরিক- ১৫ হাজার ৩৮৫ জন। এরপর বাংলাদেশি ১১ হাজার ১০৫ জন, মিয়ানমারের ৯ হাজার ৭৮৯ জন, ফিলিপাইনের ৪ হাজার ৩৬৫ জন, পাকিস্তানের ২ হাজার ৪৯৭ জন, ভারতের ১ হাজার ৬৩০ জন, থাইল্যান্ডের ১ হাজার ৪৯৩ জন, চীনের ১ হাজার ৩৮ জন, ভিয়েতনামের ৯০৯ জন এবং নেপালের ৭৬৯ জন নাগরিক। বাকিরা বিভিন্ন দেশের।

অন্যদিকে, অবৈধ অভিবাসীদের চাকরি দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হওয়া মালিকদের মধ্যে সবচেয়ে বেশি স্থানীয় নাগরিক- ২ হাজার ১২ জন।

এছাড়া বাংলাদেশি ৩৪ জন ও ইন্দোনেশীয় ২১ জন মালিককেও আটক করা হয়েছে। পাকিস্তান, চীন, থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক মালিকরাও এই তালিকায় রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণভাবে অবস্থান এবং কাজের অনুমতির অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রাপ্ত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশি শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে এসব অভিযান চালানো হয়।

দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনকারী মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কঠোর ও প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram