ঢাকা
logo
প্রকাশিত : November 26, 2025

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানাল ইউক্রেন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি করা বিষয়ে একটি সম্মিলিত বোঝাপড়ায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে ইউক্রেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কিয়েভের কাছে ২৮ দফার এক পরিকল্পনা উপস্থাপন করে। এ পরিকল্পনা নিয়ে সপ্তাহান্তে জেনেভায় আলোচনায় বসেন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উভয় পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, আমি আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছি। একই সময় সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল এবং রুশ প্রতিনিধিরা গত সোম ও মঙ্গলবার আবুধাবিতে বৈঠক করেছেন। ড্রিসকল এ সপ্তাহেই কিয়েভ আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে শান্তি পরিকল্পনার খসড়ায় যে পরিবর্তন আনা হচ্ছে, তা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি জানিয়ে ক্রেমলিন সতর্ক করে বলেছে, গত সপ্তাহের পরিকল্পনায় যে সংশোধনী আনা হচ্ছে, তা তারা মেনে না–ও নিতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের করা মূল শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে। এখন যদি সেখানে মৌলিক পরিবর্তন আনা হয় তবে পরিস্থিতি ‘ভিত্তিগতভাবেই ভিন্ন’ হবে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ক্রেমলিন নতুন পরিকল্পনার (সংশোধিত পরিকল্পনার) কোনো অনুলিপি পায়নি বলেও জানান লাভরভ। তিনি ইউরোপের বিরুদ্ধে মার্কিন শান্তি চেষ্টাকে দুর্বল করে দেওয়ার অভিযোগও করেছেন।

মার্কিন কর্মকর্তারা রাশিয়ার এসব উদ্বেগ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল এবং রাশিয়ার প্রতিনিধিরা গত সোম ও মঙ্গলবার আবুধাবিতে বৈঠক করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব বিষয়ে এখনো তীব্র বিরোধ রয়ে গেছে, সেগুলো নিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা ও ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি সংঘাতপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখা—মতবিরোধের বিষয়গুলোর অন্যতম।

জেলেনস্কি গতকাল বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ‘সংবেদনশীল বিষয়গুলো’ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তার প্রশাসনের লক্ষ্য, এ মাস শেষ হওয়ার আগেই ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক আয়োজন করা।

তিনি আরও বলেন, আমি মার্কিন পক্ষ ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আরও সক্রিয় সহযোগিতার অপেক্ষায় আছি। অনেক কিছু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। কারণ, রাশিয়া যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।

তবে ইউক্রেনের সঙ্গে ট্রাম্পের আলোচনার সম্ভাবনা নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠক করতে আগ্রহী। কিন্তু শুধু তখনই বৈঠক করবেন, যখন এ যুদ্ধ সমাপ্তির চুক্তি চূড়ান্ত হবে বা চূড়ান্ত হওয়ার পর্যায়ে থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram