

মঙ্গলবার গভীর রাতে আদিয়ালা রোডে সেন্ট্রাল জেল রাওয়ালপিন্ডির কাছে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান, নওরিন খান নিয়াজি এবং উজমা খানম সহ নেতাকর্মীরা সমাবেশ করেন। এ সময় তাদের অবস্থান কর্মসূচি সরাতে অনুরোধ করে পুলিশ। কিন্তু সেই দাবি অস্বীকার করায় পুলিশ তাদের সাময়িকভাবে আটক করে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে আরও বলা হয়, গোরখপুর পিকেট এলাকায় পিটিআইয়ের অবস্থান কর্মসূচি ভাঙতে গিয়ে পুলিশ সাবেক ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন কর্মীকেও আটক করে। পরে চকরি ইন্টারচেঞ্জের কাছে ইমরানের বোনদের ছেড়ে দেয়া হয়। কারাবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার অনুমতি না পেয়ে ইমরানের বোনরা, সঙ্গে অল্প কিছু পিটিআই কর্মী, আদিয়ালা রোডে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এদিকে পুলিশ তার বোনদের সড়ক খালি করতে বললেও আলোচনা ব্যর্থ হয়। আলিমা অবস্থান কর্মসূচি তুলে নিতে অস্বীকার করেন। এরপর পুলিশ রাস্তায় পানি ছিটিয়ে দিয়ে প্রায় ৮ থেকে ১০ জন পিটিআই কর্মীসহ ইমরানের তিন বোনকেও আটক করে। মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা অভিযোগ করেন, তার বোন নওরিনকে নারী পুলিশ সদস্যরা রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গেছে। কারাবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করা এবং তার বার্তা গণমাধ্যমের মাধ্যমে পিটিআই নেতাকর্মীদের কাছে পৌঁছে দেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আলিমা। গত মাসে খাইবার পখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী সোহেল আফরিদিকেও কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি। কেপি মুখ্যমন্ত্রী পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান এবং সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজাকে সঙ্গে নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৌঁছান। তবে সাক্ষাতের অনুমতি না পেয়ে তিনি ফিরে যান, যদিও ইমরানের বোন উজমাকে সেদিন দেখা করতে দেয়া হয়।
কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আফরিদি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার কাছ থেকে নীতিগত দিকনির্দেশনা নিতে তার সাক্ষাতের অনুমতি দেয়া উচিত। তিনি আরও বলেন, এ সাক্ষাৎ বারবার বাধাগ্রস্ত হওয়ার বিষয়টিতে প্রশ্ন তোলা প্রয়োজন।
