ঢাকা
logo
প্রকাশিত : October 27, 2025

অর্ধদশক পর চালু ভারত-চীন সরাসরি ফ্লাইট

পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হলো ভারত--চীন সরাসরি ফ্লাইট। রোববার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই তথ্য জানান ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। তিনি লেখেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনু্যায়ী, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশে যাত্রা করেছে। আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই-নয়াদিল্লি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল শুরু হবে। নতুন রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

অক্টোবরের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছিল, করোনা মহামারির কারণে স্থগিত থাকা পরিষেবা পুনরায় চালু করতে আগ্রহী এয়ারলাইন্সগুলোর মধ্যে তারা প্রথম সারিতে থাকবে। ২ অক্টোবরের প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি ঘোষণা করে, ২৬ অক্টোবর থেকে তাদের এয়ারবাস এ৩২০নিও কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে।

বিমান পরিষেবা প্রতিষ্ঠানটি আরও জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা দিল্লি ও গুয়াংঝুর মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের। পরে ১১ অক্টোবর ইন্ডিগো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ১০ নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট পরিষেবা চালু হতে যাচ্ছে।

মূলত, করোনা মহামারি ও ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে এই ঘটনার জেরে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয়। গত বছরের অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কিছুটা শিথিল হয়, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram