

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইল ও মিশরে তার ঝড়ো সফর শেষ করেছেন। এরপর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি সংসদে (নেসেট) ভাষণের সময় নেতানিয়াহুকে ক্ষমা করে দেয়ার প্রসঙ্গ তুলতে তার ইচ্ছা ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য শ্রোতাদের করতালিতে অনুপ্রাণিত হয়ে তা করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হয়াইট হাউস প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন, আমি আসলে তাকে (নেতানিয়াহুকে) বলেছিলাম যে আমি ক্ষমার প্রসঙ্গ তুলতে চাই না।
কিন্তু তখন পরিস্থিতিটা একেবারে উপযুক্ত ছিল। সময়টাও ভালো ছিল। আপনি কি তা বলবেন না? ট্রাম্প আরও বলেন, ওই সময়ে তিনি (নেতানিয়াহু) দারুণ করতালি পাচ্ছিলেন। করতালি থেমে গেলে আমি বললাম, ‘এই মানুষটাকে একটা ক্ষমা কেন দিচ্ছেন না?’ যদি তিনি করতালি না পেতেন, আমি এটা বলতাম না।
ট্রাম্প স্বীকার করেন যে এই মন্তব্য ‘কিছুটা ঝুঁকিপূর্ণ’ ছিল এবং ‘ইসরাইলে এটি একটি সংবেদনশীল বিষয়’। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে মামলা করা হয়। এই তিনটি ফৌজদারি মামলার বিচার শুরু হয় ২০২০ সালে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন।
