ঢাকা
logo
প্রকাশিত : October 5, 2025

সেনেটে অচলাবস্থা, মার্কিন শাটডাউন গড়াল দ্বিতীয় সপ্তাহে

মার্কিন ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থা সচল করতে চতুর্থবারের মতো ব্যয় সংক্রান্ত প্রস্তাব পাসে সেনেটরদের ব্যর্থতায় চলমান শাটডাউন দীর্ঘায়িত হয়ে পরবর্তী সপ্তাহে গড়াচ্ছে। সর্বশেষ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আরও দুটি প্রস্তাব উচ্চকক্ষের ৬০ ভোটের বাধা অতিক্রম করতে না পারায় শাটডাউনের অবসানে কতদিন লাগবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

দুই পক্ষই নাছোড় অবস্থানে থাকায় হোয়াইট হাউস শুক্রবার বলেছে, শাটডাউন অব্যাহত থাকলে জরুরি সরকারি পরিষেবা চালু রাখতে তাদেরকে ‘অপ্রিয় কাজ’ ব্যাপক ছাঁটাইয়ের পথেই হাঁটতে হবে। আদৌ এই ব্যাপক ছাঁটাইয়ের সুযোগ আছে কিনা তা স্পষ্ট না হলেও হোয়াইট হাউস এরই মধ্যে বাজেট ও ব্যবস্থাপনা বিষয়ক দপ্তর ওএমবির সঙ্গে এ নিয়ে কথা বলা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে বিরোধ আটকে আছে এক জায়গায়, সেটি হল- স্বাস্থ্যসেবা। ডেমোক্র্যাটরা চাইছে, অচলাবস্থাকে কাজে লাগিয়ে নিম্নআয়ের মানুষদের জন্য স্বাস্থ্যবীমা ভর্তুকি যেন চালু থাকে তা নিশ্চিত করতে এবং মেডিকেইড স্বাস্থ্য কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের কাটছাঁট উল্টে দিতে।

এদিকে রিপাবলিকানদের অভিযোগ, কাগজপত্রহীন অভিবাসীদের স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতেই ডেমোক্র্যাটরা মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ করে রেখেছে। ডেমোক্র্যাটরা এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ সরকারের ব্যয় নিয়ে রিপাবলিকানদের আনা প্রস্তাবটির পক্ষে ভোট দেন ৫৪ সেনেটর, বিপক্ষে পড়ে ৪৪ জনের ভোট। দুইজন ভোট দেননি।

ডেমোক্র্যাটদের আনা পৃথক প্রস্তাবের পক্ষে পড়ে ৪৫ ভোট, বিপক্ষে ৫২।

শাটডাউনের জন্য শুরু থেকেই রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করে আসছেন। দুই পক্ষের আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

“আমরা ভোটের পর ভোট দিয়ে যেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত এটা নির্ভর করছে ৫ জনের ওপর,” বিবিসিকে এমনটাই বলেছেন মিসৌরির রিপাবলিকান সেনেটর জশ হলে।

হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অভিযোগ করে বলেন, নিজেদের দাবি নিয়ে আমেরিকানদের জিম্মি করে রেখেছে ডেমোক্র্যাটরা।

“শাটডাউনের অর্থনৈতিক প্রভাব প্রতিদিনই বাড়ছে,” বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জিডিপি দেড় হাজার ডলার করে কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়ে তিনি এসব বলেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা আগেও সাবধান করে বলেছিলেন, শাটডাউন অব্যাহত থাকলে তারা ফেডারেল কর্মীদের ছাঁটাই করার পথেই হাঁটবেন।

‘অনেক ডেমোক্র্যাট সংস্থার মধ্যে কোন কোনগুলো ছেঁটে ফেলা যায়’ তা খতিয়ে দেখতে ওএমবির প্রধান রাসেল ভটের সঙ্গে বসবেন বলেও ট্রাম্প আগেই জানিয়েছিলেন।

শাটডাউনের পাল্টায় কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার ভট শিকাগোর জন্য বরাদ্দ কেন্দ্রীয় অবকাঠামো তহবিলের ২১০ কোটি ডলার ছাড় স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram