

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন গাজা শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কাতার। তারা বলেছে, যুদ্ধ বন্ধের একটি সুযোগ এনে দিয়েছে এই প্রস্তাব। কিন্তু ট্রাম্পের প্রস্তাবের কয়েকটি পয়েন্টের ব্যাখ্যা এবং সমঝোতা প্রয়োজন বলে মনে করছেন কাতারের আমির শেখ মোহামেদ বিন আবদুল রহমান আল থানি। তিনি মঙ্গলবার এ প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় ছিলেন। তবুও বলেন, আমরা চাই সব পক্ষই এই উদ্যোগকে একটি গঠনমূলকভাবে দেখবে। তবে ফিলিস্তিনি অংশগুলোর সম্মতি এক্ষেত্রে অত্যাবশ্যক।
শেখ মোহামেদ বলেন, সোমবারের আলোচনার সময় হামাসকে কাতার ও মিশর স্মরণ করিয়ে দিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যা এবং গণহারে বাস্তুচ্যুত হওয়া বন্ধ করা। যে প্রস্তাব দেয়া হয়েছে তার জন্য আলোচনা প্রয়োজন। কিভাবে এসব কাজ করা হবে তা নিয়ে আলোচনা করা প্রয়োজন। তিনি আরও বলেন, ফিলিস্তিনি এবং মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদেরকে তাদের ভূমিতেই রাখার জন্য এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য অক্লান্ত কাজ করছে। বর্তমানে যে সুযোগ এসেছে তাকে ব্যবহার করতে হবে এবং কার্যকর সফলতা আনতে হবে।
