

শাটডাউনের ফলে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই আগামী দুই দিনের মধ্যে শুরু হবে। এমন সতর্কতা দিয়েছে হোয়াইট হাউস। সাত বছরের মধ্যে এটাই প্রথম সরকারি শাটডাউন সেখানে। রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে ব্যয় পরিকল্পনা নিয়ে সমঝোতা না হওয়ার কারণে বুধবার থেকে কার্যকর হয়েছে এই শাটডাউন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, শাটডাউনের অবসান ঘটাতে প্রথম যে ভোট হয়, তা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যর্থ হয়।
এরপর সিনেট কার্যক্রম স্থগিত করে, যা শঙ্কা বাড়িয়েছে যে এই সংকট দীর্ঘস্থায়ী হয়ে লক্ষাধিক চাকরি ঝুঁকির মুখে ফেলবে এবং মার্কিন অর্থনীতিতে বিলিয়ন ডলার ক্ষতির কারণ হবে। বুধবার বিকেলে হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সঙ্গে উপস্থিত হয়ে ডেমোক্রেটদের রাজনৈতিক খেলায় অভিযুক্ত করেন। ভ্যান্স বলেন, যদি তারা সত্যিই আমেরিকান জনগণের ওপর এর প্রভাব নিয়ে চিন্তিত হয়, তবে সরকার পুনরায় চালু করুক, আমাদের প্রতিক্রিয়া নিয়ে অভিযোগ না করে।রাজনৈতিক ই-বুক
লেভিট জানান, দুই দিনের মধ্যে ব্যাপক ছাঁটাই শুরু হবে। তিনি বলেন, কখনও কখনও আপনাকে এমন কিছু করতে হয় যা আপনি করতে চান না। আমাদের এই অবস্থায় ডেমোক্রেটরাই ফেলেছে। এর আগে সিনেটের শীর্ষ ডেমোক্রেট চাক শুমার রিপাবলিকানদের অভিযুক্ত করেন যে, তারা তাদের তহবিল পরিকল্পনা চাপিয়ে দিতে ডেমোক্রেটদের ‘বুলিং’ করছে।
ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবার জন্য নিশ্চিত তহবিল নিশ্চিতে জোর দিচ্ছে। রিপাবলিকানরা চায় অস্থায়ী ব্যবস্থা নিয়ে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্তমান বাজেটে সরকার চালু রাখতে। ডেমোক্রেটরা বলছে, নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা বাঁচাতে আলোচনার পথেই তারা শাটডাউনের ঝুঁকি নিয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা দাবি করছে, ডেমোক্রেটদের প্রস্তাবিত স্বাস্থ্য সুবিধা করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে।
প্রায় ৭,৫০,০০০ ফেডারেল কর্মী বা ৪০ ভাগ কর্মীকে সাময়িকভাবে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হতে পারে। সীমান্ত নিরাপত্তা রক্ষী ও সেনাবাহিনীর মতো জরুরি কর্মীদের বেতন ছাড়া কাজ করতে হতে পারে। ২০১৮ সালের তুলনায় এবার প্রভাব আরও বড় হবে বলে ধারণা করা হচ্ছে। ভ্যান্স সতর্ক করে বলেন, সত্যি কথা বলতে গেলে, যদি বিষয়টি দীর্ঘায়িত হয়, আমাদের কর্মী ছাঁটাই করতেই হবে। তিনি আরও অভিযোগ করেন যে শাটডাউনের পেছনে ডেমোক্রেটরা অভিবাসীদের স্বাস্থ্যসেবার আওতায় আনার পরিকল্পনা করছে- যা ডেমোক্রেটরা বারবার অস্বীকার করেছে।
ওদিকে ক্যাপিটল হিলে সমঝোতার কোনো লক্ষণ নেই। রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেন, আলোচনার কিছু নেই। এই বিলকে আর সরল বা পাতলা করার কিছুই বাকি নেই। শুক্রবার রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদি তহবিল বিলের ওপর আবার ভোট হওয়ার কথা রয়েছে।
