

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করে মামলা করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। হান্টার বাইডেন সম্প্রতি দাবি করেন, মেলানিয়াকে তার স্বামী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিন। মেলানিয়ার পক্ষে আইনজীবীরা এই দাবিকে ‘মিথ্যা, মানহানিকর, অপমানজনক ও উত্তেজনাপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ২০০৫ সালে মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন ডনাল্ড ট্রাম্প। সে সম্পর্কে মন্তব্য করেছেন হান্টার বাইডেন। তার বক্তব্যকে মিথ্যা দাবি করে মামলা করার হুমকি দিয়েছেন মেলানিয়া। উল্লেখ্য, হান্টার বাইডেন এ মাসের শুরুতে এক সাক্ষাৎকারে মেলানিয়াকে নিয়ে ওই মন্তব্য করেন। সেখানে তিনি এপস্টিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বের সম্পর্কের তীব্র সমালোচনা করেন।
ট্রাম্প একসময় এপস্টিনের বন্ধু ছিলেন। তবে হান্টার বাইডেনের দাবি- ২০০০ সালের শুরুর দিকে সম্পর্ক ছিন্ন হয় তাদের। কারণ ট্রাম্পের ফ্লোরিডার গলফ ক্লাবের স্পা থেকে কর্মচারী বাগিয়ে নিয়েছিলেন এপস্টিন। ফার্স্ট লেডির আইনজীবীদের পক্ষ থেকে হান্টার বাইডেনের আইনজীবীকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, তিনি যেন এই দাবি প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করেন। না হলে একশ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হবে। চিঠিতে অভিযোগ করা হয়, এই দাবির ফলে মেলানিয়া ট্রাম্প অপরিমেয় আর্থিক ও সুনামের ক্ষতির শিকার হয়েছেন। আরও বলা হয়েছে, হান্টার বাইডেনের ‘অন্যদের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি এই দাবি পুনরাবৃত্তি করেছেন নিজের দিকে মনোযোগ টানার জন্য।নির্বাচিত কলাম
এ মাসে প্রকাশিত চলচ্চিত্র নির্মাতা অ্যান্ড্রু ক্যালাহানের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন দাবি করেন, এপস্টিন-সংক্রান্ত কিছু অপ্রকাশিত নথি প্রেসিডেন্ট ট্রাম্পকে জড়িয়ে দেবে। তিনি বলেন, মেলানিয়াকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন এপস্টিন। তাদের এই সংযোগগুলো খুব গভীর ও বিস্তৃত। ফার্স্ট লেডির আইনজীবীদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই দাবি আংশিকভাবে সাংবাদিক মাইকেল উলফের কাছ থেকে এসেছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনামূলক একটি জীবনী লিখেছেন। সম্প্রতি ডেইলি বিস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে উলফ নাকি দাবি করেন, মেলানিয়া ট্রাম্প ও এপস্টিনের এক সহযোগীর মধ্যে সম্পর্ক ছিল যখন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেন। পরে ফার্স্ট লেডির আইনজীবীদের আপত্তির চিঠি পাওয়ার পর ডেইলি বিস্ট ওই প্রতিবেদন প্রত্যাহার করে। উল্লেখ্য, এপস্টিন ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন। তখন তিনি বিচারাধীন ছিলেন। তার মাধ্যমে মেলানিয়া ও ট্রাম্পের পরিচয়ের কোনো প্রমাণ নেই। ফার্স্ট লেডির চিঠিতে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সরিয়ে নেয়া হয়েছে এমন একটি নিবন্ধের ওপর তিনি (হান্টার) নির্ভর করেছেন, যা মিথ্যা ও মানহানিকর।
ডেইলি বিস্টের আর্কাইভ সংস্করণে একটি নোটে বলা হয়েছে, এই প্রতিবেদন প্রকাশের পর ফার্স্ট লেডির আইনজীবীর কাছ থেকে আমরা চিঠি পেয়েছি, যাতে প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় আপত্তি জানানো হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনার পর আমরা প্রতিবেদনটি সরিয়ে দিয়েছি এবং যেকোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বিবিসি নিউজকে ফার্স্ট লেডির আইনজীবী আলেহান্দ্রো ব্রিটো বলেন, তার পরিবর্তে মেলানিয়ার সহকারী নিক ক্লেমেন্সের এক বিবৃতি দেখাচ্ছে। সেখানে বলা হয়েছে, যারা বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মিথ্যা ছড়িয়েছে সেই তথ্য অবিলম্বে প্রত্যাহার ও ক্ষমা আদায়ে সক্রিয়ভাবে কাজ করছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা। ২০১৬ সালের জানুয়ারিতে হারপার্স বাজার-এ প্রকাশিত এক প্রোফাইলে মেলানিয়া জানান, তিনি নভেম্বর ১৯৯৮ সালে এক মডেলিং এজেন্সির মালিকের আয়োজিত পার্টিতে ট্রাম্পের সঙ্গে প্রথম দেখা করেন। তিনি তখন ট্রাম্পকে ফোন নম্বর দিতে অস্বীকার করেছিলেন। তখন ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে আলাদা ছিলেন। ১৯৯৯ সালে তালাক হয় তাদের।
