

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং-এর সঙ্গে বৈঠক করেন। এ সময় ভারতের সিন্ধু ওয়াটার্স ট্রিটি বা সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান ও আফগানিস্তানের সাম্প্রতিক উন্নয়ন এবং আঞ্চলিক উদ্বেগসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি টেকসই উন্নয়ন প্রচেষ্টাসহ জাতিসংঘের এজেন্ডায় থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় আসে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ইসহাক দার বহুপাক্ষিকতার প্রতি পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ওপর জোর দেন। তিনি বৈশ্বিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জাতিসংঘকে এমনভাবে সংস্কারের আহ্বান জানান যাতে তা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করতে পারে। তিনি জাতিসংঘের ভবিষ্যৎ চুক্তি এবং ইউএন৮০ উদ্যোগে সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বের প্রশংসা করেন। এই প্রচেষ্টাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন, যাতে জাতিসংঘ আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও সাড়া-দেয়া প্রতিষ্ঠান হিসেবে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, বিশেষত পরিষদকে আরও গণতান্ত্রিক ও কার্যকর করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
ইসহাক দার ভারতের আক্রমণাত্মক অবস্থান, ভ্রান্ত প্রচারণা এবং সিন্ধু ওয়াটার্স ট্রিটি লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক মনোযোগ দাবি করেন, বিশেষ করে ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরে অবৈধ পদক্ষেপ এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি সন্ত্রাসবাদে সহায়তা দেয়ার বিষয়ে। পাকিস্তান-ভারতের সব বিরোধ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং জাতিসংঘ সনদের আলোকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান দার।
