ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

ডাটা ফাঁসের পর গোপন পরিকল্পনায় হাজারো আফগানকে সরিয়ে নেয় বৃটেন

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যারা বৃটেনে আশ্রয়ের আবেদন করেছিলেন, তাদের প্রায় ১৯ হাজার ব্যক্তিগত তথ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুর্ঘটনাবশত ফাঁস হয়ে যায়। এই ঘটনার পর ফাঁস হওয়া তালিকাভুক্ত আফগানদের জন্য একটি গোপন পুনর্বাসন প্রকল্প চালু করে বৃটিশ সরকার। এর আওতায় এখন পর্যন্ত ৪৫০০ আফগান বৃটেনে পৌঁছেছেন। এটি ছিল একটি ‘অসাবধানতাবশত’ সংঘটিত ফাঁস, যা ঘটান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অজ্ঞাত কর্মকর্তা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বৃটিশ সরকার প্রথমে বিষয়টি গোপন রাখে এবং ‘সুপার-ইনজাংশন’ নামে আদালতের আদেশের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ আটকে রাখে। তবে সম্প্রতি হাই কোর্টের এক বিচারক এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দেন। ফলে বিষয়টি প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ছিল বিভিন্ন ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, পরিবারের কিছু গোপনীয় তথ্য। এসব তথ্য তালেবানের হাতে পড়লে সংশ্লিষ্টদের জীবন হুমকির মুখে পড়তে পারত। ডাউনিং স্ট্রিট এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কি না, সেটাও নিশ্চিত করেনি। তবে মঙ্গলবার সরকার আরও কিছু তথ্য প্রকাশ করে। তাতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, ফাঁস হওয়া তালিকায় থাকা ৬০০ আফগান সেনা এবং তাদের পরিবারের ১৮০০ সদস্য এখনও আফগানিস্তানে রয়ে গেছেন। প্রকল্পটি বন্ধ করে দেয়া হচ্ছে। কিন্তু যাদের ইতিমধ্যে স্থানান্তরের প্রস্তাব দেয়া হয়েছে, তা কার্যকর থাকবে।

এই আফগান রিলোকেশন রুট প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৪০০ মিলিয়ন পাউন্ড এবং ভবিষ্যতে আরও ৪০০-৪৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে। যেসব ব্যক্তির তথ্য ফাঁস হয়েছে, তাদেরকে মঙ্গলবারই প্রথম তা জানিয়ে দেয়া হয়েছে। বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি হাউস অফ কমন্সে দাঁড়িয়ে এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, একটি স্প্রেডশিট সরকার অনুমোদিত সিস্টেমের বাইরে ইমেইল করা হয়েছিল, যেটা ছিল গুরুতর বিভাগীয় ত্রুটি। পুলিশ তদন্তের প্রয়োজন নেই বলে মেট্রোপলিটন পুলিশ মনে করেছে।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় নানা রকম ডাটা ফাঁস হয়। এ ঘটনা তারই একটি। ফাঁস হওয়া তথ্যের তালিকায় আছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও এমপি’রা। বৃটিশ বিরোধী দল রক্ষণশীল দলনেত্রী কেমি ব্যাডেনক এ ঘটনার জন্য ক্ষমা চান এবং বলেন, কারও একটি মারাত্মক ভুলের ফলে এমনটি হয়েছে, আমরা দুঃখিত। ২০২৪ সালের রায়ে বিচারক চেম্বারলেন বলেন, ফাঁস হওয়া ডাটা যেসব ফেসবুক গ্রুপে প্রকাশিত হয়, সেখানে তালেবান অনুপ্রবেশকারী বা তাদের সহানুভূতিশীল কেউ ছিলেন বলেই ধারণা করা যায়। প্রথমে আশঙ্কা করা হয়েছিল, প্রায় এক লাখ মানুষ মৃত্যুর বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়েছেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তদন্তে বলা হয়, এই আশঙ্কা অতিরঞ্জিত ছিল এবং ডাটা তেমনভাবে ছড়ায়নি।

সরকার সাংবাদিকদের এই বিষয়ে কিছু প্রকাশ করতে নিষেধ করে এবং পরে আদালতের মাধ্যমে সুপার-ইনজাংশন জারি করে, যাতে কেউ এই ফাঁস, প্রকল্প বা ইনজাংশনের কথা পর্যন্ত প্রকাশ করতে না পারে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস নিজেই এই নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। বিচারক চেম্বারলেন বলেন, এই সুপার-ইনজাংশন গণতন্ত্রে স্বাভাবিক জবাবদিহির প্রক্রিয়া বন্ধ করে দেয়, যা এক ধরনের পর্যবেক্ষণ শূন্যতার সৃষ্টি করে। ছায়া প্রতিরক্ষামন্ত্রী জেমস কার্টলেজ বলেন, এটি ছিল এক অগ্রহণযোগ্য ডাটা লঙ্ঘন। লেই ডে নামের আইনি সংস্থার আইনজীবী এরিন অলকক বলেন, এটি ছিল এক ধ্বংসাত্মক ব্যর্থতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram