

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলায় একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে সেটিতে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দলও দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়।
এদিকে, গাজার উত্তরের জাবালিয়া এলাকায় তিন ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। অন্যদিকে, ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, মধ্য খান ইউনিসে তারা একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে।
প্যালেস্টাইন ক্রনিকেল জানায়, আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ খান ইউনিসের একটি বাড়ির ভেতরে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনাদের ওপর “ইয়াসিন-১০৫” রকেট ও আরপিজি হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়।
মঙ্গলবার রাত নাগাদ এলাকাজুড়ে উত্তেজনা চরমে পৌঁছায়। হামলার স্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইসরায়েলি বাহিনী তীব্র অভিযান চালায়। মধ্য খান ইউনিসে অন্তত পাঁচ দফা বিমান হামলা চালানো হয়। এর সঙ্গে ছিল হেলিকপ্টার থেকে ভারী গুলি, কামানের গোলাবর্ষণ এবং বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত মোট ৫৬ হাজার ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন।
