ঢাকা
logo
প্রকাশিত : April 23, 2025

কাশ্মীর হামলা: দেশে ফিরেই বিমানবন্দরে মোদির বৈঠক

কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ হামলার খবর পেয়ে সৌদি সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে পৌঁছেই সময় নষ্ট না করে রাজধানী দিল্লির বিমানবন্দরে এক জরুরি বৈঠকে বসেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার কাশ্মীরের পাহেলগাঁওয়ে সংঘটিত ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন। এতে গোটা দেশজুড়ে নেমে আসে উদ্বেগ ও আতঙ্ক। এরই মাঝে সৌদিতে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী মোদি। ঘটনার খবর পেয়েই সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ভারতে ফেরার পরপরই বিমানবন্দরে গোপনীয় এক বৈঠকে বসেন মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় এস জয়শঙ্করকে চোখে পড়ার মতো উদ্বিগ্ন দেখা যায়।

বৈঠকের শুরুতেই কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। মোদি সেখানেই বেশ কিছু দিকনির্দেশনা দেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

এদিকে, সৌদি সফরের সময়ও কাশ্মীরের হামলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সফরের প্রথম দিন জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন মোদি। বৈঠকের শুরুতেই দুই নেতা পাহেলগাঁওয়ের ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন তারা। ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, বৈঠকের একেবারে শুরুতেই পাহেলগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ ওঠে। উভয় নেতা সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে ভারতকে প্রয়োজন হলে পাশে থাকার জন্য সৌদি আরব প্রস্তুত।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram