ঢাকা
logo
প্রকাশিত : February 16, 2025

ভারতকে এফ-৩৫ দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসলামাবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন। এতে বেজায় নাখোশ হয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে পাকিস্তান প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে।

নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিবৃতি দেয় পাকিস্তান। এনিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান গভীর উদ্বেগ জানান।

তিনি বলেছেন, এ পদক্ষেপের কারণে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘ মেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে।

এনিয়ে ইসলামাবাদের মুখপাত্র বলেন, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বাস্তব পরিস্থিতিতে অগ্রাহ্য করে একপক্ষীয় অবস্থান নিলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে।

ভারতের কাছে ট্রাম্প যে অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন, তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত এফ-৩৫ পাবে।

এফ-৩৫ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে (স্টিলথ) লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই যুদ্ধবিমান। এই অস্ত্র পেলে ভারতের সামরিক সক্ষমতা আরও জোরদার হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram